ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে পর্যটন, বিনোদন ও নৌযোগাযোগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ, নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাট উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীদূষণের উৎস হিসেবে চিহ্নিত ৪২৬টি স্থান থেকে বর্জ্য প্রবেশ বন্ধে কাজ চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য জানান নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।
নদীদূষণের চিত্র তুলে ধরে তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে। দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম চলছে।
নদীর দুই তীর সংরক্ষণের পাশাপাশি মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় সংযোগ অসম্পূর্ণ রয়েছে। এসব অংশের নির্মাণকাজও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, নদীর তীর এমনভাবে গড়ে তুলতে চায় সরকার, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ সহজ হচ্ছে। পাশাপাশি নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখছে।
নদীকেন্দ্রিক পর্যটন সম্প্রসারণে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব স্থাপনার সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থার সমন্বয় করার পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী স্বীকার করেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ প্রত্যাশিত সাফল্য পায়নি। সড়কপথের তুলনায় নৌপথে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশ না থাকাই এর অন্যতম কারণ ছিল।
এবার এসব প্রতিবন্ধকতা দূর করতে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং ঘাট ও নৌস্টেশন উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াতের বিকল্প সুযোগ তৈরির পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করাও এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।