রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পর্যটন সড়কে এখনো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্তও হয়নি। এ অবস্থায় গুজবে বিভ্রান্ত হয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা না দিতে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা বা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পর্যটনকেন্দ্র চালুর খবরের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই।

এদিকে খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির আনুষ্ঠানিক ফেসবুক পেজের মাধ্যমে তা জানানো হবে।

বিজ্ঞপ্তিতে পর্যটকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবে কান না দিয়ে সাজেকের উদ্দেশে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সাজেকবাসীর পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি চলবে। সংগঠনটি পর্যটকদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সাজেকের উদ্দেশে যাত্রা না করার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাজেকের উদ্দেশে রওনা হয়ে কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ক্ষতির সম্মুখীন হলে তার দায় ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ বহন করবে না।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, পর্যটন সড়কে অবরোধ এখনো চলমান রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।