ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবশেষে শুরু হচ্ছে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট থাকবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে আগামী মার্চে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে। প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হলেও এটিকে পূর্ণাঙ্গভাবে সচল করার কাজ অব্যাহত থাকবে।
বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে চারটি ফ্লাইট নিয়মিত পরিচালিত হবে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। অন্যান্য প্রস্তুতিমূলক কাজও চলবে। আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।
বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়েছে।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।