যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে থাকা একটি প্রমোদতরীর সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৩২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর প্রমোদতরীটি একদিকে কাত হয়ে ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ নিহত বা নিখোঁজ হননি।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের মিসিসিপি নদীবন্দরে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আমেরিকান ক্রুজ লাইন্সের বিলাসবহুল প্যাডেল হুইলার প্রমোদতরী ‘আমেরিকান হ্যারিটেজ’-এর সঙ্গে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের একটি ট্যাংকারের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর প্রমোদতরীটি ডুবতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত জাহাজ থেকে নামতে গিয়ে কয়েকজন নদীতে পড়ে যান। পরে বন্দরের কর্মী, দমকলকর্মী ও আশপাশের নৌযানে থাকা ব্যক্তিরা উদ্ধারকাজে অংশ নেন।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরিনো এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। জাহাজে থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ হননি।

প্রাণহানির ঘটনা না ঘটায় মেয়র দুর্ঘটনাটিকে ‘মিসিসিপিতে অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেন। উদ্ধারকাজে দ্রুত সাড়া দেওয়ায় স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান তিনি।

মেয়রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় প্রমোদতরীতে প্রায় ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। নিউ অরলিন্স বন্দরের পুলিশ প্রধান মেলানি মনট্রোল জানান, জাহাজটি ডুবে যাওয়ার আগে প্রায় ৮৭ জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

তবে আমেরিকান ক্রুজ লাইন্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকান হ্যারিটেজের যাত্রী ধারণক্ষমতা ১৫০ জন। ২০১৫ সালে নির্মিত এই প্রমোদতরীটি নদীপথে পর্যটকদের ভ্রমণের জন্য ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যাম স্থানীয় সংবাদমাধ্যম নিউ অরলিন্স অ্যাডভোকেটকে জানান, ট্যাংকারটির স্টিয়ারিং ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমেরিকান ক্রুজ লাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স