পর্যটনকেন্দ্র কুয়াকাটার মাছবাজারে এবার দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে উজ্জ্বল নীল রঙের এক সামুদ্রিক কাঁকড়া। সাদা ছোপযুক্ত খোলস ও ব্যতিক্রমী আকৃতির এই কাঁকড়াটি জেলেদের জালে ধরা পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও দৃষ্টি কেড়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্যের পরিচিত অথচ দৃষ্টিনন্দন এই প্রাণীকে একনজর দেখতে বৃহস্পতিবার সকালে কুয়াকাটা মেয়র বাজারের গাজী ফিশে ভিড় করেন উৎসুক মানুষ।
জানা গেছে, জেলেরা সাগর থেকে ধরা অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। এর উজ্জ্বল নীল রং ও সাদা ফুলের মতো নকশাযুক্ত খোলস দেখে অনেকেই থমকে দাঁড়ান। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
জেলে মো. হাবিবুর রহমান হাবিব বলেন, সাগরে মাছ ধরতে গেলে মাঝেমধ্যে জালে বিভিন্ন প্রজাতির কাঁকড়া ধরা পড়ে। তবে এত বড় ও উজ্জ্বল নীল রঙের কাঁকড়া সচরাচর দেখা যায় না। রং ও আকৃতিতে আলাদা হওয়ায় বাজারে আনার পর অনেকেই এটি দেখতে ভিড় করেন।
সিলেট থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মুন্না বলেন, কুয়াকাটায় এসে এমন ব্যতিক্রমী নীল রঙের কাঁকড়া দেখতে পাবেন, তা ভাবেননি। কাঁকড়াটির রং ও আকৃতি তাঁর কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে।
পরে স্থানীয় মাছ ভাজা বিক্রেতা জামাল কাঁকড়াটি কিনে নেন। তিনি জানান, এটি ভেজে বিক্রির পরিকল্পনা করেছেন। তাঁর দোকানে নেওয়ার পরও কাঁকড়াটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান কাঁকড়াটিকে নীলাভ সাঁতারু কাঁকড়া বা ব্লু সুইমিং ক্র্যাব হিসেবে শনাক্ত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এর বৈজ্ঞানিক নাম Portunus pelagicus। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ প্রজাতির গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত ও অপরিকল্পিত আহরণ, ডিমওয়ালা ও ছোট কাঁকড়া শিকার, সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং আবাসস্থল ধ্বংসের কারণে এদের অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে। ডিমওয়ালা স্ত্রী কাঁকড়া আহরণ নিরুৎসাহিত করা, ছোট কাঁকড়া ধরা নিয়ন্ত্রণ এবং জেলেদের সচেতনতা বাড়ানো জরুরি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীর মতে, কাঁকড়াটি Portunus pelagicus প্রজাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও সংশোধিত শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি সম্ভবত Portunus reticulatus। উজ্জ্বল নীল চিমটা ও সাদা ছোপ দেখে তিনি এটিকে পুরুষ কাঁকড়া বলে ধারণা করছেন।
তিনি জানান, কাঁকড়াটির পেছনের শেষ জোড়া পা বৈঠার মতো চ্যাপ্টা হওয়ায় এটি দ্রুত সাঁতার কাটতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য সামুদ্রিক সম্পদ। বাংলাদেশেও এর অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।
তাঁর মতে, কাঁকড়ার মজুত নিরূপণ, ডিমওয়ালা স্ত্রী ও অপরিণত কাঁকড়া সংরক্ষণ, সমাজভিত্তিক ‘ক্র্যাব ব্যাংক’ গঠন, হ্যাচারি প্রযুক্তি এবং প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের মাধ্যমে এ সম্পদ উপকূলীয় মানুষের জীবিকা ও দেশের নীল অর্থনীতিতে অবদান রাখতে পারে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, নীল রঙের এ ধরনের কাঁকড়া সামুদ্রিক পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। এর সঠিক প্রজাতি শনাক্ত করার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানো প্রয়োজন।