বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বীপের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণবিষয়ক সাময়িকী ওয়ান্ডারলাস্ট।
পাঠকদের ভোটে নির্বাচিত ২০২৬ সালের সেরা ১০ দ্বীপের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া। দ্বিতীয় হয়েছে বাহামাসের নাসাউ ও প্যারাডাইস আইল্যান্ড এবং তৃতীয় তাইওয়ান।
ওয়ান্ডারলাস্ট রিডার ট্রাভেল অ্যাওয়ার্ডসের ২৫তম আসরে ইউরোপের বাইরের দ্বীপগুলো নিয়ে এই ভোট করা হয়।
তালিকার দশম স্থানে রয়েছে কানাডার ভ্যাঙ্কুভার আইল্যান্ড। বন্য প্রকৃতি, কালো ভালুক, ধূসর তিমি এবং আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত দ্বীপটি আবারও সেরা দশে ফিরেছে।
নবম স্থানে ক্যারিবীয় অঞ্চলের টোবাগো। প্রাকৃতিক বন, পাখির অভয়ারণ্য ও দৃষ্টিনন্দন সৈকত দ্বীপটির প্রধান আকর্ষণ। অষ্টম স্থানে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা। ঐতিহাসিক স্থাপনা, গুহা এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত দ্বীপটি গত বছরের অবস্থান ধরে রেখেছে।
সপ্তম স্থানে মালয়েশিয়ার লাংকাউই। প্রাচীন বৃষ্টিবন, চুনাপাথরের পাহাড়, জলপ্রপাত ও স্কাইব্রিজ পর্যটকদের আকর্ষণ করে। ষষ্ঠ স্থানে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো। পুরোনো সান হুয়ানের স্প্যানিশ স্থাপত্য, সার্ফিং এবং পরিবেশবান্ধব পর্যটন এর জনপ্রিয়তার কারণ।
পঞ্চম স্থানে উঠে এসেছে ফিলিপাইনের পালাওয়ান। নীল লেগুন, চুনাপাথরের পাহাড় এবং ভূগর্ভস্থ নদীর জন্য বিখ্যাত এই দ্বীপাঞ্চল। চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বিগ আইল্যান্ড। আগ্নেয়গিরি, কালো ও সবুজ বালুর সৈকত এবং তারাময় আকাশ দেখার সুযোগ এর বিশেষ আকর্ষণ।
তৃতীয় স্থান পাওয়া তাইওয়ানে আধুনিক শহর, পাহাড়, রাতের বাজার ও ঐতিহ্যের মেলবন্ধন রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নাসাউ ও প্যারাডাইস আইল্যান্ড জলদস্যুদের ইতিহাস, সৈকত ও জাঙ্কানু উৎসবের জন্য পরিচিত।
তালিকার শীর্ষে থাকা তাসমানিয়ার প্রায় অর্ধেক ভূখণ্ড পড়েছে সংরক্ষিত প্রাকৃতিক এলাকার। হিমবাহের হ্রদ, পাহাড়, সমুদ্রের খাড়া উপকূল, তাসমানিয়ান ডেভিলসহ নানা বন্য প্রাণী এবং স্থানীয় খাবারের জন্য দ্বীপটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।