দেশে স্লিপার বাস পরিচালনার জন্য এখনো চূড়ান্ত নীতিমালা না থাকায় আইনি জটিলতা ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে স্লিপার বাস পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ৯ বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত ২ নভেম্বর স্লিপার বাসের ১৯ জন মালিক এ বিষয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।
রিটকারীদের আইনজীবী তানভীর আহমেদ বলেন, স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন।
তিনি জানান, সরকার ইতোমধ্যে স্লিপার বাসের একটি নীতিমালা তৈরি করলেও তা চূড়ান্ত না করে আটকে রাখা হয়েছে। নীতিমালা না থাকায় বর্তমানে স্লিপার বাসগুলো অনুমোদনহীন অবস্থায় চলাচল করছে। নীতিমালা কার্যকর হলে এসব বাসকে আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব হবে।
বর্তমানে চলাচলকারী স্লিপার বাস অবৈধ: বিআরটিএর আইনজীবী
তবে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কিংবা নীতিমালা গোপন রাখার অভিযোগ নাকচ করেছেন বিআরটিএর আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।
তিনি বলেন, স্লিপার বাসের একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নথি হিসেবে আদালতেও দাখিল করা হয়েছে। বর্তমানে খসড়াটি মন্ত্রণালয়ে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এ কারণে আদালত কোনো অন্তর্বর্তীকালীন আদেশ না দিয়ে শুধু রুল জারি করেছেন।
রাফিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ২০২২ সালের সংশ্লিষ্ট নীতিমালায় স্লিপার বাসের বিষয়ে কোনো বিধান নেই। সরকার এখন পর্যন্ত কোনো স্লিপার বাসকে নিবন্ধনও দেয়নি। ফলে বর্তমানে চলাচলকারী স্লিপার বাসগুলো আইন লঙ্ঘন করে চলছে।
তিনি আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিবেদনে স্লিপার বাসে পর্যাপ্ত অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি বাসের উল্টে যাওয়ার ঝুঁকি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা বা রোলওভার পরীক্ষার ব্যবস্থাও বাংলাদেশে নেই।
বিআরটিএর আইনজীবী বলেন, এসব নিরাপত্তাবিষয়ক বিষয় খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।