নগরজীবনের ব্যস্ততা থেকে দূরে পাহাড়, কুয়াশা, নদী আর প্রাচীন গ্রামীণ সংস্কৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান অনেক ভ্রমণপিয়াসি। তাঁদের জন্য নভেম্বর ও ডিসেম্বর হতে পারে উপযুক্ত সময়। এ সময়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলের হা গিয়াংয়ে দেখা মেলে পাহাড়ি উপত্যকা ও বাকহুইট ফুলের সৌন্দর্য। অন্যদিকে জাপানের শিরাকাওয়া-গো ও তাকায়ামায় অপেক্ষা করে শতাব্দীপ্রাচীন স্থাপত্য, গ্রামীণ জীবন এবং শীতের বরফঢাকা দৃশ্য।

ভিয়েতনামের হা গিয়াং: পাহাড়, নদী ও আদিবাসী সংস্কৃতি

ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলে অবস্থিত হা গিয়াং। এখানকার দং ভান কার্স্ট মালভূমি ইউনেসকোর বৈশ্বিক ভূ-উদ্যান হিসেবে স্বীকৃত। চুনাপাথরের পাহাড়, গভীর গিরিখাত ও আঁকাবাঁকা সড়কের জন্য অঞ্চলটি বিশেষভাবে পরিচিত।

অক্টোবর ও নভেম্বর মাসে পাহাড়ি উপত্যকায় ফোটে গোলাপি-সাদা বাকহুইট ফুল। এ সময় আবহাওয়া তুলনামূলক শীতল ও ভ্রমণের জন্য আরামদায়ক থাকে। ডিসেম্বর থেকে শীত ও কুয়াশার প্রকোপ বাড়ে।

মেও ভাক ও দং ভানের মধ্যবর্তী মা পি লেং গিরিপথ হা গিয়াংয়ের অন্যতম আকর্ষণ। পাহাড়ি সড়ক ধরে মোটরসাইকেল ভ্রমণ কিংবা ট্রেকিংয়ের সময় দেখা যায় বিস্তৃত উপত্যকা ও গভীর গিরিখাত। নিচে বয়ে চলা নহ কুয়ে নদীতে নৌভ্রমণ করেও তু সান গিরিখাতের সৌন্দর্য উপভোগ করা যায়।

এ অঞ্চলে হমং, জাও ও তায়সহ ১৭টি জাতিগোষ্ঠীর বসবাস। স্থানীয় বাজার, ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং দু গিয়া গ্রামের ঐতিহ্যবাহী বাড়িঘর পর্যটকদের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা তুলে ধরে।

হ্যানয় থেকে বাসে প্রায় ছয় ঘণ্টায় হা গিয়াং পৌঁছানো যায়। এরপর স্থানীয় পরিবহন, মোটরসাইকেল ভাড়া কিংবা গাইডসহ ভ্রমণপথ বেছে নেওয়া যায়। তবে পাহাড়ি সড়ক দুর্গম ও আঁকাবাঁকা হওয়ায় অভিজ্ঞ চালক নেওয়া এবং দিনের আলোতেই যাত্রা শেষ করা নিরাপদ।

জাপানের শিরাকাওয়া-গো ও তাকায়ামা: ঐতিহ্য আর বরফের গ্রাম

জাপানের গিফু প্রিফেকচারের পাহাড়ি অঞ্চলে অবস্থিত শিরাকাওয়া-গো। গ্রামটি ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এখানকার প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী গাসশো-জুকুরি স্থাপত্যের খড়ের ছাউনি দেওয়া বাড়ি। প্রার্থনারত দুই হাতের মতো দেখতে খাড়া ছাদের কারণে এ নামের উৎপত্তি।

কাঠের কাঠামো ও বিশেষ নির্মাণপদ্ধতিতে তৈরি এসব বাড়ি ভারী তুষারপাত মোকাবিলার উপযোগী। নভেম্বর মাসে শরতের শেষ সৌন্দর্য দেখা গেলেও ডিসেম্বরের শেষভাগ থেকে মার্চের শুরু পর্যন্ত বরফে ঢেকে যেতে পারে গ্রামটি।

শিরাকাওয়া-গোর কাছেই রয়েছে ঐতিহাসিক শহর তাকায়ামা। কাঠের পুরোনো বাড়িঘর, ঐতিহ্যবাহী বাজার ও প্রাচীন জাপানি নগরজীবনের নিদর্শন দেখতে এখানে পর্যটকদের ভিড় হয়।

তাকায়ামা থেকে বাসে প্রায় ৫০ মিনিটে শিরাকাওয়া-গো যাওয়া যায়। কানাজাওয়া থেকেও সরাসরি বাস চলাচল করে। শীতকালে ভ্রমণের পরিকল্পনা করলে আগাম বাসের টিকিট ও আবাসন নিশ্চিত করা ভালো। বিশেষ করে শীতকালীন আলোকসজ্জা অনুষ্ঠান দেখতে চাইলে নির্ধারিত তারিখ ও আগাম সংরক্ষণের নিয়ম জেনে নিতে হবে।

দুই দেশের এই গন্তব্যের অভিজ্ঞতা অবশ্য আলাদা। পাহাড়ি পথে মোটরসাইকেল ভ্রমণ, নদী ও স্থানীয় সংস্কৃতির সান্নিধ্য চাইলে হা গিয়াং আকর্ষণীয়। আর প্রাচীন স্থাপত্য, নিরিবিলি গ্রামীণ পরিবেশ ও বরফঢাকা দৃশ্য উপভোগ করতে চাইলে শিরাকাওয়া-গো ও তাকায়ামা হতে পারে পছন্দের গন্তব্য।

তথ্যসূত্র: ইউনেসকো, জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন, ভিয়েতনামের পর্যটনবিষয়ক তথ্যসূত্র।