প্রবেশমূল্য পাঁচ গুণ বাড়লেও বাড়েনি সেবার মান। বরং দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে একের পর এক স্থাপনা। পর্যাপ্ত সুপেয় পানি, পরিচ্ছন্ন শৌচাগার ও আধুনিক বিনোদনসুবিধার অভাবে হতাশ হচ্ছেন দর্শনার্থীরা। ফলে প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনকেন্দ্র হিসেবে একসময় জনপ্রিয় শেরপুরের মধুটিলা ইকোপার্ক থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা।

মেঘালয় পাহাড়ের কোলঘেঁষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় অবস্থিত মধুটিলা ইকোপার্ক। বন বিভাগের উদ্যোগে ১৯৯৯ সালে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে পার্কটির যাত্রা শুরু হয়। পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ, সবুজ বনভূমি ও বিভিন্ন বিনোদনসুবিধার কারণে একসময় এটি ছিল স্থানীয় ও দূরদূরান্তের পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য।

পার্কটিতে একসময় ওয়াচ টাওয়ার, ঝুলন্ত সেতু, লেক, শিশুপার্ক, মিনি চিড়িয়াখানা, পিকনিক স্পট ও পাহাড়ি হাঁটার পথসহ নানা আয়োজন ছিল। তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনার অনেকগুলোই এখন ব্যবহারের অনুপযোগী। বিলীন হয়েছে শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা। কোথাও রং উঠে গেছে, কোথাও ভেঙে পড়েছে অবকাঠামো।

এ ছাড়া পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতিও পার্কটির আকর্ষণ কমিয়ে দিচ্ছে।

এর মধ্যে গত বছর পার্কটির প্রবেশমূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়। অর্থাৎ প্রবেশমূল্য বেড়েছে পাঁচ গুণ। কিন্তু বাড়তি টাকার বিপরীতে সেবার মান বা বিনোদনসুবিধায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। এতে অসন্তুষ্ট হয়ে অনেক পর্যটক পার্কে প্রবেশ না করেই ফিরে যাচ্ছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত পুরোনো স্থাপনাগুলো সংস্কার, আধুনিক বিনোদনসুবিধা সংযোজন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা গেলে মধুটিলা আবারও পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম পার্কটির দুরবস্থার কথা স্বীকার করে জানান, উন্নয়ন ও সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়বে।

এদিকে, গত ১০ অক্টোবর পার্কটি পরিদর্শন ও মতবিনিময় সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এর আধুনিকায়নের আশ্বাস দেন। এখন সেই আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।