দেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। নির্ধারিত সময় সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যাত্রীসেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রযুক্তিগত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন এই টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীসেবার মানেও পরিবর্তন আসবে।
তথ্যমন্ত্রী আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। ফলে গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকাতেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন।