ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বাড়তি সতর্কতায় নেমেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধে এবার নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। কমলাপুর রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে টিকিট ছাড়া প্রবেশও সীমিত করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সকাল থেকেই স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। সকাল ১১টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ১১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম ও ট্রেন ছাড়ার সময় আলাদা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।
স্টেশন ম্যানেজার কবির হোসেন বলেন, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি আরও জানান, যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৪৫ হাজার আসনের বিপরীতে স্ট্যান্ডিং টিকিটসহ মোট প্রায় ৭০ হাজার টিকিট বিক্রি করা হবে।
প্রতি বছর ঈদকে কেন্দ্র করে ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা যায়। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করেন। দুর্ঘটনা এড়াতে এবার শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।