খাগড়াছড়ি থেকে দেশের জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীতে যাতায়াতের গাড়ি ভাড়া বাড়ানো হয়েছে। নতুন ভাড়া কার্যকর হয়েছে চলতি বছরের ১ মে থেকে। ফলে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাজেক ভ্রমণে যাওয়া পর্যটকদের আগের তুলনায় অতিরিক্ত খরচ বহন করতে হবে।

সাজেক কাউন্টার সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য সাফারি গাড়ির নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। আগে একই রুটে এ ভাড়া ছিল ৭ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এক হাজার টাকা বাড়ানো হয়েছে।

একইভাবে বেড়েছে জীপ বা স্থানীয়ভাবে পরিচিত চাঁদের গাড়ির ভাড়াও। বর্তমানে খাগড়াছড়ি-সাজেক রুটে সকালে গিয়ে বিকেলে ফেরার জন্য একটি জীপ গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

পর্যটকরা যদি সাফারি গাড়ি নিয়ে সাজেকে একরাত অবস্থান করেন, তাহলে গাড়ি ভাড়া গুনতে হবে ১০ হাজার টাকা। এছাড়া আলুটিলা পর্যটনকেন্দ্র, রিছাং ঝর্ণা ও খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কসহ আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখলে একই গাড়ির ভাড়া দাঁড়াবে প্রায় ১২ হাজার টাকা।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ জানান, নির্ধারিত গাড়ি ভাড়ার বাইরে আনুষঙ্গিক অন্যান্য খরচও পর্যটকদের বহন করতে হবে। সাজেক ভ্যালীতে প্রবেশ ফি জনপ্রতি ২০ টাকা। এছাড়া প্রতিটি গাড়ির জন্য অতিরিক্ত ১০০ টাকা প্রবেশ ফি দিতে হয়।

জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন পরিচালনা ব্যয় বেড়েছে। সে কারণে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মে মাসের শুরু থেকেই সাজেক রুটে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

প্রতি বছর ঈদ, সরকারি ছুটি ও পর্যটন মৌসুমে সাজেকে পর্যটকের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এবারও ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটকের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে ভাড়া বৃদ্ধির কারণে পরিবার কিংবা দলগতভাবে ভ্রমণে যাওয়া পর্যটকদের বাজেট আগের তুলনায় কিছুটা বেশি রাখতে হবে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ঘেরা সাজেক ভ্যালী দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। মেঘ, সবুজ পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সারা বছরই সেখানে ভ্রমণপিপাসুদের ভিড় থাকে।