রাজধানীর গণপরিবহনে আরও অন্তর্ভুক্তিমূলক সুবিধা যোগ করছে মেট্রোরেল। বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা এখন থেকে মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। যাত্রীবান্ধব এই উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবাকে আরও সহজ ও মানবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন।

এছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ইস্যুকৃত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একই হারে ছাড় পাবেন।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আপাতত এই সুবিধা একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভবিষ্যতে এমআরটি পাস বা অন্যান্য স্মার্ট টিকিটিং ব্যবস্থায় এ সুবিধা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে।

বর্তমানে রাজধানীর যানজট নিরসন ও দ্রুত যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমআরটি লাইন-৬। প্রতিদিন হাজারো যাত্রী এই সেবা ব্যবহার করছেন। নতুন এ ছাড় কার্যক্রম চালু হলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের চলাচল আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।