অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নাগরিকদের ইরান ও ইরাক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন। দেশটির সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নাগরিকদের ইরান ও ইরাক সফর থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো বাহরাইনি নাগরিক ইরান বা ইরাকে ভ্রমণ করতে পারবেন না। এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের প্রতি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহরাইন এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।
সূত্র: আল-জাজিরা