বান্দরবানে ভ্রমণে এসে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিলেন একদল পর্যটক। চলন্ত অবস্থায় তাদের বহনকারী একটি নোহা গাড়িতে আগুন ধরে গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় চালকসহ ১১ পর্যটক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় গাড়িটি।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের চিম্বুকের সাত মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর থেকে আসা একটি পর্যটক দল সকালে জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলগিরির উদ্দেশে রওনা দেয়। পথে সাত মাইল এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

গাড়িতে থাকা পর্যটকরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বের হয়ে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের তীব্রতায় নোহা গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। গাড়িটি পুড়ে গেলেও পর্যটক ও চালক সবাই নিরাপদে আছেন।

উল্লেখ্য, চিম্বুক-নীলগিরি সড়কটি বান্দরবানের অন্যতম ব্যস্ত পর্যটন রুট। ঈদ ও ছুটির মৌসুমে এ পথে প্রতিদিন শত শত পর্যটক যাতায়াত করেন। ফলে এমন ঘটনায় পর্যটকদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।