গ্রিসের সুন্দর একটি দ্বীপ এখন যেন এখন ‘এক দীর্ঘ টয়লেটের লাইনে’ পরিণত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা ম্যাম্বো ইতালিয়ানো। খবর: মিরর।

সকাল ৭টায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, একটি ছবি তোলার স্থানে পৌঁছাতে অসংখ্য নারী, পুরুষ ও শিশু পর্যটক রাস্তাজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোকে কনসার্টের টয়লেটের অন্তহীন লাইনে পরিণত করেছে, যেখানে সবাই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন একই ছবি তুলতে, যা দেখিয়ে তারা এমন মানুষদের প্রভাবিত করতে চান, যারা আসলে তা নিয়ে খুব একটা মাথাই ঘামায় না।”

তিনি আরো লেখেন, “আমাদের সময়ের অবক্ষয়কে এর চেয়ে ভালোভাবে আর কিছুই তুলে ধরতে পারে না।”

ভিডিওটি ধারণ করা হয়েছে গ্রিসের সান্তোরিনি দ্বীপের ওইয়া এলাকায়। দক্ষিণ এজিয়ান সাগরে অবস্থিত এই দ্বীপটি গ্রিসের মূল ভূখণ্ড থেকে প্রায় ১২০ মাইল দূরে।

ভিডিওতে দেখা যায়, সারিটি কয়েকটি মোড় ঘুরে একটি দর্শনীয় স্থানে গিয়ে শেষ হয়েছে। সেখান থেকে স্ফটিক-স্বচ্ছ নীল সমুদ্র এবং সান্তোরিনির বিখ্যাত নীল গম্বুজওয়ালা গ্রিক অর্থোডক্স গির্জাগুলোর মনোরম দৃশ্য দেখা যায়।

একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন, “ওইয়া অতিরিক্ত পর্যটকের চাপে ভুগছে। এটি আমার দেখা সবচেয়ে বিরক্তিকর জায়গাগুলোর একটি। তবে সান্তোরিনির অন্য অংশগুলো এখনও দারুণ সুন্দর।”

আরেকজন একমত হয়ে বলেন, “আমি একমত। দ্বীপটিতে আরও অনেক ভালো জায়গা আছে। ওইয়া মূলত ছবি তোলার জন্যই জনপ্রিয়, এর বেশি কিছু নয়।”

তৃতীয় একজন লিখেছেন, “মানুষ এখন আর কোনো জায়গা দেখতে বা উপভোগ করতে যায় না। তারা সেখানে যায় নিজের ছবি তুলতে, তারপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লাইক ও মনোযোগ পাওয়ার জন্য। যেন বলতে পারে—‘দেখো, আমি এখানে গিয়েছি, তুমি যাওনি’ অথবা ‘দেখো, আমি কতটা বিশেষ’।”

তিনি আরও বলেন, “এই দীর্ঘ লাইনের একমাত্র কারণ হলো লোক দেখানো। জায়গাটিকে উপভোগ করার জন্য নয়, বরং অন্যদের দেখানোর জন্য।”

চতুর্থ একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “সবকিছু এখন ইনফ্লুয়েন্সারদের ইনস্টাগ্রাম ফটোশুটে পরিণত হয়েছে। সুন্দর জায়গাগুলো আত্মকেন্দ্রিক মানুষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “নতুন প্রায় সব রেস্তোরাঁর বাইরে এখন ঘাসের দেয়াল, উচ্চ শব্দের গান আর অতিরিক্ত দামে সাধারণ খাবার পরিবেশন করা হয়।”

গ্রিক ট্রিপ প্ল্যানারের তথ্য অনুযায়ী, গবেষণা সংস্থা ‘আইএনএসইটিই’ এবং স্থানীয় প্রশাসনের উপাত্ত বলছে, প্রতিবছর বিমান, প্রমোদতরী ও ফেরির মাধ্যমে প্রায় ৩৪ লাখ পর্যটক সান্তোরিনি দ্বীপে ভ্রমণ করেন।

তাদের হিসাবে, বছরে প্রতি স্থায়ী বাসিন্দার বিপরীতে প্রায় ২২০ জন পর্যটক সান্তোরিনিতে আসেন। আবার পর্যটনের মৌসুমে প্রতি ১০০ জন বাসিন্দার বিপরীতে গড়ে প্রায় ১০৮ জন পর্যটক উপস্থিত থাকেন।

২০১৮ সালের একটি ইউরোপীয় কমিশনের গবেষণায় দেখা যায়, এই ঘনত্ব সান্তোরিনিকে অতিরিক্ত পর্যটনের প্রচলিত সূচকেরও বাইরে নিয়ে গেছে।