মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে নেপাল থেকে সাইকেলে বাংলাদেশ ভ্রমণে আসা এক তরুণের সঙ্গে চট্টগ্রামের সাতকানিয়ায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আতিথেয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, নেপালের ইলাম জেলার বাসিন্দা বিশ্বাস রায় (২৫) মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে দীর্ঘ সাইকেল ভ্রমণে বের হয়েছেন। গত ১৮ মে তিনি নেপাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে প্রবেশ করেন।

গত শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বিশ্বাস রায়। ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যে অনেকেই একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণের সমালোচনা করেন এবং দুঃখ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকার গরুর বাজারসংলগ্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের সঙ্গে বিশ্বাস রায়ের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সড়কে চলাচলের নিয়ম ও ট্রাফিক আইন মেনে চলা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ঘটনাটি গত বৃহস্পতিবার সংঘটিত হয়েছিল।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সম্ভবত হর্ন বাজানোকে কেন্দ্র করে বিদেশি পর্যটকের সঙ্গে অটোরিকশাচালকের কথা-কাটাকাটি হয়। সংশ্লিষ্ট চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।