রাশিয়ার রাজধানী মস্কোর আকাশপথে নিরাপত্তা সতর্কতা জারির পর সাময়িকভাবে বন্ধ রাখা চারটি বিমানবন্দর আবারও চালু করা হয়েছে। শহরের দিকে আসা একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর ফলে কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও ভোরের দিকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে অগ্রসর হওয়া মোট ৫৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।
রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম শুরু হয়।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে ড্রোন অভিযান পরিচালনা করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে মস্কোর মেয়র সোবিয়ানিন এ ঘটনায় ব্যবহৃত ড্রোনগুলো সরাসরি ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।