বিশ্বজুড়ে একা ভ্রমণে নারীদের আগ্রহ বাড়ছে। নিরাপদ পরিবেশ, সহজ যোগাযোগব্যবস্থা, বৈচিত্র্যময় দর্শনীয় স্থান এবং ভ্রমণবান্ধব নগরজীবনের কারণে অনেক নারী এখন আত্মবিশ্বাসের সঙ্গে একক ভ্রমণ বেছে নিচ্ছেন। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ট্যুর বুকিং প্ল্যাটফর্ম গুরুওয়াক প্রকাশ করেছে নারী সলো ট্রাভেলারদের জন্য বিশ্বের সেরা ১০ শহরের তালিকা।
গত ১২ মাসে তাদের প্ল্যাটফর্মে করা বুকিংয়ের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে গুরুওয়াক। তালিকায় শীর্ষস্থান পেয়েছে কানাডার বৃহত্তম শহর টরন্টো। শহরটিতে গুরুওয়াকের মাধ্যমে বুক করা ওয়াকিং ট্যুরের ৫০ দশমিক ৫ শতাংশই ছিল একক ভ্রমণকারীদের।
বহুসাংস্কৃতিক পরিবেশ, উন্নত গণপরিবহন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক আকর্ষণের জন্য টরন্টো দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয়। শহরটির উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে ইউনেসকো স্বীকৃত ডিস্টিলারি ডিস্ট্রিক্ট, উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ শিল্পকলা জাদুঘর আর্ট গ্যালারি অব অন্টারিও, পাশাপাশি লেক অন্টারিওর তীরবর্তী সৈকত ও দ্বীপাঞ্চল।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এল সালভাদরের সান্তা আনা। এখানে বুক করা ট্যুরের ৫০ শতাংশ ছিল সলো ট্রাভেলারদের। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহর ঐতিহাসিক স্থাপনা ও ঔপনিবেশিক স্থাপত্যের জন্য পরিচিত। শহরের প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে নিও-গথিক ধাঁচের ক্যাথেড্রাল, প্রাচীন মায়া সভ্যতার এল তাজুমাল ধ্বংসাবশেষ এবং মনোরম কোয়াতেপেকে হ্রদ।
তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো। শহরটিতে বুকিং করা ভ্রমণকারীদের ৪৯ দশমিক ৫ শতাংশ ছিলেন একক পর্যটক। দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এই মহানগর শিল্প, সংস্কৃতি, খাবার ও নগরজীবনের বৈচিত্র্যের জন্য পরিচিত।
চতুর্থ স্থানে রয়েছে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং পঞ্চম স্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। দুই শহরই নিরাপদ পরিবেশ, সহজ যাতায়াত এবং সমৃদ্ধ সংস্কৃতির কারণে একক ভ্রমণকারীদের মধ্যে জনপ্রিয়।
গুরুওয়াকের তালিকায় নারী সলো ট্রাভেলারদের জন্য বিশ্বের সেরা ১০ শহর:
১. টরন্টো, কানাডা
২. সান্তা আনা, এল সালভাদর
৩. সাও পাওলো, ব্রাজিল
৪. তাইপেই, তাইওয়ান
৫. কুয়ালালামপুর, মালয়েশিয়া
৬. লা পাজ, বলিভিয়া
৭. হংকং
৮. স্কপিয়ে, উত্তর মেসিডোনিয়া
৯. সিঙ্গাপুর
১০. বেলগ্রেড, সার্বিয়া