ফিফা বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিশ্বজুড়ে ভ্রমণ, সংস্কৃতি ও আবেগের এক অনন্য মিলনমেলা। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এই আসরকে ঘিরে লাখো সমর্থক বিভিন্ন দেশে ভ্রমণ করেন, আর আয়োজক শহরগুলো পরিণত হয় বৈশ্বিক উৎসবের কেন্দ্রে। ইতিহাসের কিছু ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, বরং যে স্টেডিয়ামে সেগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই স্থানগুলোকেও কিংবদন্তির মর্যাদা দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে যখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে, তখন ফিরে দেখা যেতে পারে এমন সাতটি ম্যাচ, যা ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে এবং আজও ক্রীড়া-পর্যটনের অন্যতম আকর্ষণ।

উরুগুয়ে বনাম ব্রাজিল (১৯৫০)

স্থান: মারাকানা স্টেডিয়াম, রিও ডি জেনেইরো, ব্রাজিল
ফল: উরুগুয়ে ২-১ ব্রাজিল

১৯৫০ সালের বিশ্বকাপে শিরোপা জিততে ব্রাজিলের শুধু একটি ড্র দরকার ছিল। খেলা শুরুর আগেই উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু উরুগুয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপ জিতে নেয়। ‘মারাকানাজো’ নামে পরিচিত এই ম্যাচ ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়।

ইতালি বনাম পশ্চিম জার্মানি (১৯৭০)

স্থান: এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
ফল: ইতালি ৪-৩ পশ্চিম জার্মানি (অতিরিক্ত সময়ে)

‘দ্য গেম অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত এই সেমিফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়েই হয় পাঁচ গোল। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াই হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ব্রাজিল বনাম ইতালি (১৯৭০)

স্থান: এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
ফল: ব্রাজিল ৪-১ ইতালি

পেলের নেতৃত্বে ব্রাজিল এমন এক ফুটবল উপহার দিয়েছিল, যা আজও নান্দনিক ফুটবলের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। এই জয়ের মাধ্যমে ব্রাজিল প্রথম দেশ হিসেবে তিনবার বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে নিজেদের দখলে নেয়।

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড (১৯৮৬)

স্থান: এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
ফল: আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড

এক ম্যাচে ফুটবল ইতিহাসের দুটি সবচেয়ে আলোচিত মুহূর্তের জন্ম দেন দিয়েগো ম্যারাডোনা। প্রথমে ‘হ্যান্ড অব গড’ গোল, এরপর একক নৈপুণ্যে করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’। বিতর্ক ও প্রতিভার বিরল সমন্বয় দেখা যায় এই ম্যাচে।

ইতালি বনাম ফ্রান্স (২০০৬)

স্থান: অলিম্পিয়াস্টাডিয়ন, বার্লিন, জার্মানি
ফল: ১-১ (টাইব্রেকারে ইতালির জয়)

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটি স্মরণীয় হয়ে আছে তার বিতর্কিত হেডবাটের জন্য। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখার পর ইতালি টাইব্রেকারে জিতে বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে।

জার্মানি বনাম ব্রাজিল (২০১৪)

স্থান: মিনেইরাও স্টেডিয়াম, বেলো হরিজন্তে, ব্রাজিল
ফল: জার্মানি ৭-১ ব্রাজিল

নিজেদের মাঠে খেলা ব্রাজিলকে ২৯ মিনিটের মধ্যেই পাঁচ গোল হজম করতে হয়। শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানের এই পরাজয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিস্ময়কর ফলাফল হিসেবে রয়ে গেছে।

আর্জেন্টিনা বনাম ফ্রান্স (২০২২)

স্থান: লুসাইল স্টেডিয়াম, লুসাইল, কাতার
ফল: ৩-৩ (টাইব্রেকারে আর্জেন্টিনার জয়)

অনেকের মতে এটি বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল। লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্নপূরণ, কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক এবং নাটকীয় টাইব্রেকার এই ম্যাচকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে।

ক্রীড়া-পর্যটনের আকর্ষণ

এই ম্যাচগুলোর স্টেডিয়ামগুলো আজও ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় ভ্রমণগন্তব্য। ব্রাজিলের মারাকানা, মেক্সিকোর আজতেকা, জার্মানির অলিম্পিয়াস্টাডিয়ন কিংবা কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রতিবছর হাজারো পর্যটক ভ্রমণ করেন। অনেক স্টেডিয়ামে গাইডেড ট্যুর, জাদুঘর ও ঐতিহাসিক প্রদর্শনীর ব্যবস্থাও রয়েছে, যা ক্রীড়া-পর্যটনকে আরও সমৃদ্ধ করেছে।