স্কটল্যান্ডে একটি প্রমোদতরী থেকে পানিতে পড়ে এক ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। গত ১৬ জুন সন্ধ্যায় স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে সাউন্ড অব মুল এলাকায় ‘হেব্রিডিয়ান প্রিন্সেস’ প্রমোদতরীতে এ ঘটনা ঘটে বলে দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে।
স্কটল্যান্ড পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যমটি লিখেছে, সেদিন রাত প্রায় সাড়ে ৮টার দিকে কোরান এসপ্লানাডে এলাকায় পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যাওয়ার খবর তারা পায়।
ক্রুজ পরিচালনাকারী কোম্পানি হেব্রিডিয়ান আইল্যান্ড ক্রুসেস এক বিবৃতিতে বলেছে, “গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ১৬ জুন সন্ধ্যায় সাউন্ড অব মুল এলাকায় হেব্রিডিয়ান প্রিন্সেসের এক ক্রু সদস্য মারা গেছেন।”
ঘটনার পরপরই জাহাজে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
হেব্রিডিয়ান আইল্যান্ড ছোট আকারের বিলাসবহুল প্রমোদতরী।
কোম্পানিটি আরও জানিয়েছে, ঘটনার তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
ঘটনার সময় জাহাজটিতে মোট ৩৮ জন আরোহী ছিলেন। পুলিশের এক মুখপাত্র বলেছেন, “মৃত্যুটিকে সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে না। যথাসময়ে এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।”